উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা, বিশেষ স্কলারশিপ ঘোষণা সিকম স্কিলস ইউনিভার্সিটির

 

হাওড়া, ধুলাগড়: উচ্চশিক্ষায় মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এক বিশেষ উদ্যোগ নিল Seacom Skills University। হাওড়ার ধুলাগড় ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বরপ্রাপ্ত হাওড়া জেলার বিভিন্ন উল্লেখযোগ্য বিদ্যালয়ের প্রায় ৭০০ জন কৃতি ছাত্রছাত্রীকে বিশেষ সম্মানে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে chief  Executive officer ( CEO) শ্রী অর্পণ চক্রবর্তী উচ্চশিক্ষায় মেধাবী ও আর্থিকভাবে সহায়তার প্রয়োজন রয়েছে এমন ছাত্রছাত্রীদের জন্য একাধিক বিশেষ স্কলারশিপের ঘোষণা করেন। এই উদ্যোগকে ঘিরে হাওড়া জেলা-সহ রাজ্যের শিক্ষা মহল, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রশংসা করে বক্তব্য রাখেন গ্রাম্য হিতকারী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া লোনা বসু,-সহ বিশিষ্ট শিক্ষাবিদরা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি স্কুল অব ম্যানেজমেন্টের প্রিন্সিপাল ড. শরনাভ বিশ্বাস। ছাত্রছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন অব একাডেমিক ড. প্রণবেশ ঘোষ, ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর প্রিন্সিপাল ড. পল্লব রায় এবং মার্কেটিং ও অ্যাডমিশন অফিসার প্রবাল কান্তি ব্রহ্ম।

এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যজুড়ে উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে দুটি বিশেষ স্কলারশিপ প্রকল্পেরও ঘোষণা করা হয়। শি কম স্কিল ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর স্বর্গীয় নীলিমা চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নতিকল্পে   ‘নীলিমা চক্রবর্তী স্কলারশিপ’-এর আওতায় বিশেষ কিছু কোর্সে ছাত্রীদের জন্য শিক্ষার ব্যয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, এই উদ্যোগ রাজ্যের ছাত্রীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও, উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বরপ্রাপ্ত সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ‘পি. এম. চক্রবর্তী স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে নির্দিষ্ট কিছু কোর্সে ২৫ শতাংশ পর্যন্ত ফি-ছাড়ের সুবিধা নিয়ে উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন যোগ্য শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে উচ্চশিক্ষাকে আরও সাশ্রয়ী ও সকলের নাগালে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ভিডিও দেখুন 📌

Post a Comment

0 Comments